সার, এলএনজি, গমসহ ৩,১২২ কোটি টাকার কেনাকাটা অনুমোদন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কার্গো ও গম আমদানিসহ সাতটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে তিন হাজার ১২২ কোটি ২১ লাখ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি চলতি বছরের ৩৪ ও ৩৫তম এলএনজি কার্গো আমদানি। দু’টির মধ্যে একটি কেনা হবে ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এবং অপরটি কেনা হবে যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার টাকা। বৈঠকে গম আমদানির দু’টি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে জি-টু-জির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিকটন ৩২২ ডলার দরে বাংলাদেশী মুদ্রায় এতে ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিকটন গম আমদানির পৃথক আরেকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিকটন ২৯৭.৯২ ডলার দরে বাংলাদেশী মুদ্রায় এতে ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। বৈঠকে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা ও রাশিয়া থেকে দু’টি পৃথক প্রস্তাবে ৭৫ হাজার মেট্রিকটন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রতি মেট্রিকটন সারের দাম ধরা হয়েছে ৩৮০ ডলার। এর মধ্যে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার মেট্রিকটন এমওপি সার আমদানিতে ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা এবং রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে ৩৫ হাজার মেট্রিকটন এমওপি সার আমদানিতে ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে।