১০ লাখের বেশি পোস্টাল ব্যালট ভোটকর্তার হাতে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
- ভোট দিয়েছে সাড়ে ১১ লাখের বেশি ভোটার
- দেশে ব্যালট এসেছে চার লাখ ৯১ হাজার ৬১৫টি
- প্রবাসীরা ভোট দিয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ২১৪ জন
- ভোটকর্তার হাতে সর্বোচ্চ এক লাখ ৫৭ হাজার ৫০৫টি সৌদি ব্যালট
দেশে ও বিদেশে মিলে গত রাত পর্যন্ত আজকের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ লাখ এক হাজার ৬৯৬টি পোস্টাল ব্যালট এখন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। এখানে প্রবাসীদের চার লাখ ৬৬ হাজার ২৪৩টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে বলে ইসির সংশ্লিষ্ট প্রকল্প প্রধান ড. সালীম আহমাদ খান জানান। ভোট কর্মকর্তার হাতে সর্বোচ্চ এক লাখ ৫৭ হাজার ৫০৫টি পোস্টাল ব্যালট সৌদি আরবের। ফেনী-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটসহ প্রবাসীদের আট হাজার ৪৮৬টি পোস্টাল ব্যালট এসেছে। এদিকে দেশে ও বিদেশে মিলে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার ।
ইসির তথ্য বলছে, ডিসেম্বরে পোস্টাল ব্যালটের নিবন্ধন শুরু হয়। এরপর ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন দেশে ও প্রবাসে নিবন্ধন করেন। এখানে ওসিভি বা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নিধারিত সময়ে সাত লাখ ৭২ হাজার ৫৪৬ জন এবং আইসিপিভি বা দেশের ভেতরে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন নিবন্ধন করেন।
প্রবাসীদের পোস্টাল ভোট :
এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য প্রবাসে অবস্থানরত নিবন্ধনের পর গত রাত পর্যন্ত ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি। পাঁচ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে পাঁচ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট দেয়ার পর ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন পাঁচ লাখ ২৩ হাজার ৪৯৭ জন। তাদের পাঠানো ব্যালট বাংলাদেশে পৌঁছেছে গত রাত পর্যন্ত চার লাখ ৯১ হাজার ৬১৫টি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা চার লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট গ্রহণ করেছেন বলে ইসি থেকে জানানো হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ এক লাখ ৫৭ হাজার ৫০৫টি ভোট সৌদি আরবের প্রবাসীদের। এ ছাড়া মালয়েশিয়ার ৪৬ হাজার ৬৮০টি, কাতারের ৪৫ হাজার ৯২০টি, ওমানের ৪৩ হাজার ৮৬২টি, আমিরাতের ২৩ হাজার ২২২টি, কুয়েতের সাত হাজার ৭০২টি, যুক্তরাজ্যের ২৩ হাজার ১৪৫টি ব্যালট। আসনভিত্তিক ফেনী-৩ আসনে আট হাজার ৪৮৬টি, চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৫৩৩টি, কুমিল্লা-১০ আসনে আট হাজার ১৫১টি, নেয়াখালী-১ আসনে সাত হাজার ৪৮৫টি প্রবাসী পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।
দেশের ভেতরের পোস্টাল ভোট :
বাংলাদেশের অভ্যন্তরে তিন শ্রেণীর মানুষ পোস্টাল ব্যালটে এবার ভোট দিয়েছেন। মোট নিবন্ধন করা ভোটারদের কাছে সাত লাখ ৬০ হাজার ৮৯৮টি পৌঁছানো হয়েছে। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ছয় লাখ ৪৫ হাজার ৭৯৮ জন। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে ছয় লাখ ২৬ হাজার ১৪৯টি। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ছয় লাখ ১৩ হাজার ৫১০টি। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৪৫৩টি। যেখানে সর্বোচ্চ কুমিল্লাতে ৭৭ হাজার ৭১২টি পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে। এ ছাড়া জেলাভিত্তিক ঢাকায় ৬৫ হাজার ৫১৪টি, চট্টগ্রামে ৬৩ হাজার ৭৯৬টি, নোয়াখালীতে ৪২ হাজার ৪২টি, চাঁদপুরে ৩১ হাজারটি, সিলেটে ২৮ হাজার ৬৭টি, ময়মনসিংহে ২৯ হাজার ৩১৮টি এবং টাঙ্গাইলে ২৬ হাজার ৯২১টি ব্যালট ভোটকর্তার কাছে পৌঁছেছে।