পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ চেয়ে বিজ্ঞাপন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একজন পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে বিজ্ঞাপন দিয়েছেন দিনেশ নামে এক ভারতীয়। তার এমন বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে একজন ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করতেন দিনেশ। নিজের ‘হাইব্রিড জব অফারে’ বলেছেন, এ নিয়োগ হবে পূর্ণকালীন ও গুরগাঁওভিত্তিক। ভারতের হরিয়ানা রাজ্যের একটি বড় শহর গুরগাঁও।
চাকরির বিজ্ঞাপনে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে আবেদন করতে কী কী গুণ থাকতে হবে, নির্বাচিত হলে কী কী কাজ করতে হবে, বিজ্ঞাপনে তারও বিস্তারিত তুলে ধরে দিনেশ লিখেছেন, এটি গুরগাঁওভিত্তিক, একজন গার্লফ্রেন্ড হিসেবে পূর্ণকালীন কাজের সুযোগ। মাঝে মধ্যে দূরে থেকে কাজ করার সুযোগও রয়েছে।
নিয়োগের পর ভবিষ্যৎ সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, তারও বর্ণনা দেয়া হয়েছে বিজ্ঞাপনে। এতে দিনেশ লিখেছেন, সক্রিয় যোগাযোগ, সম্মান ও পারস্পরিক বোঝাপড়া এ ভূমিকার ভিত্তি গড়ে তুলবে। এ ছাড়া এ ভূমিকার মধ্যে রয়েছে যৌথ সিদ্ধান্ত নেয়া এবং একটি ইতিবাচক ও সহায়ক সম্পর্কের পরিবেশ তৈরি করা।
তবে নিয়োগ পাওয়ার যোগ্যতা, দায়িত্ব প্রভৃতি উল্লেখ থাকলেও বেতন কত হবে, তা নিয়ে কিছুই বলেননি দিনেশ। ইন্টারনেট।