গিনির প্রেসিডেন্ট নির্বাচনে অভ্যুত্থানকারী নেতা এগিয়ে
Printed Edition
এএফপি
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে অভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান জেনারেল মামাদি ডুম্বুয়ার জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রায় ৬৭ লাখ নিবন্ধিত ভোটারের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪১ বছর বয়সী সাবেক স্পেশাল ফোর্সেস কমান্ডার ডুম্বুয়া নির্বাচনে আরো আটজন প্রার্থীর মুখোমুখি হলেও বাস্তবে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আলফা কঁন্ডে ও দীর্ঘ দিনের বিরোধী নেতা সেলু দালেইন দিয়ালো নির্বাসনে থাকায় নির্বাচনে প্রার্থী হতে পারেননি।
বিরোধীরা এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। নির্বাসিত বিরোধী নেতা দিয়ালো এই ভোটকে ‘নির্বাচনী প্রহসন’ বলে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, এই নির্বাচনের উদ্দেশ্য কেবল ক্ষমতার ‘পরিকল্পিত দখলদারিত্বকে’ বৈধতা দেয়া।