কালিহাতীতে নির্বাচনী প্রচারণায় সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
Printed Edition
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামের এ ঘটনায় রোববার কালিহাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বিএনপির ১০-১২ জন নেতাকর্মী লুহুরিয়া বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ২০-২৫ জন অনুসারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আকস্মিক এ হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন- ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের আব্দুল কদ্দুস, কাজিম উদ্দিন ও কামাল হোসেন এবং পোষণা গ্রামের নজরুল ইসলাম। আহতদের শনিবার রাতেই টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে নজরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। অপর চারজনকে হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো: মেহেদী জানান, আহত আব্দুল কদ্দুসের অবস্থা তুলনামূলক গুরুতর। তার মাথায় ১২টি সেলাই দেয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদ অভিযোগ করে বলেন, লতিফ সিদ্দিকীর অনুসারী বাবুল সিদ্দিকী ও এছহাক সিদ্দিকীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌফিক রোববার বিকেলে বলেন, এ ঘটনায় আলাউদ্দিন আল আজাদ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।