নতুন অ্যাডহক কমিটির রূপরেখা প্রণয়ন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দেশের তৃণমূল ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনতে উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এক নতুন নির্দেশনার মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব বিদ্যমান ক্রীড়া সংস্থার কমিটি ও অ্যাডহক কমিটি একযোগে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সাথে তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে আবার সচল, সুসংগঠিত করতে প্রতিটি স্তরে সাত সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠনের রূপরেখা নির্ধারণ করেছে সংস্থাটি। গত মঙ্গলবার এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো: দৌলতুজ্জামান খাঁন সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী উপজেলাপর্যায়ে সাত সদস্যের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন থানার অফিসার ইনচার্জ, মহিলাবিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও একজন স্থানীয় ক্রীড়াবিদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোনো ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ। জেলাপর্যায়ে কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক (ডিসি)। কমিটিতে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং একজন স্থানীয় ক্রীড়াবিদ সদস্য হিসেবে থাকবেন। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে কমিটি গঠন করা হবে।

নির্দেশনায় কমিটি গঠনের জন্য কঠোর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থাকে সাত দিনের মধ্যে তাদের অ্যাডহক কমিটির প্রস্তাব জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রস্তাব ১০ দিনের মধ্যে সরাসরি এনএসসিতে পাঠাতে হবে।

ক্রীড়া সংগঠকরা মনে করছেন, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর ক্ষেত্রেও নির্বাচন পরিচালনার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করা প্রয়োজন। বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও ভলিবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘ক্রীড়া ফেডারেশনগুলোতেও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা উচিত, যাতে স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন প্রত্যাশা করি।’ একই মত দিয়েছেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ বিষয়ে এনএসসির নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন বলেন, ‘উপজেলা, জেলা ও বিভাগে নতুন অ্যাডহক কমিটি গঠন করে আমরা নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু করেছি। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনও একই নিয়মে হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’