জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের সুবাতাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অসি পেসার মিচেল স্টার্কের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় তারা। তৃতীয় দিনে স্টার্কের ৭৭ রানের সুবাধে সবগুলো উইকেট হারিয়ে ৫১১ রান তোলে স্টিভ স্মিথের দল। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানে ছয় উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় ইংল্যান্ড। এখনো পিছিয়ে আছে ৪৩ রানে। হাতে আছে মাত্র চার উইকেট। এখানেও স্টার্কের ভূমিকা অনন্য। জো রুট ও জিমি স্মিথের উইকেট নিয়ে গতকালও ইংলিশদের ব্যাটিংধসে ভূমিকা পালন করে স্টার্ক। মাইকেল নেসের ও স্কট বোল্যান্ড বাকি চারটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। এর আগে দ্বিতীয় দিনের ৩৭৮ রানে ছয় উইকেট নিয়ে ব্যাট করতে নামে অসি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও মাইকেল নেসের। নেসের ব্যক্তিগত ১৬ রান ফিরে গেলে অ্যালেক্স ক্যারির সাথে জুটি বাঁধেন স্টার্ক। সম্পূর্ণ টেস্ট মেজাজে খেলে ১০০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১১০.২ ওভারে যখন কারসের বলে স্টোককে ক্যাচ দিয়ে ফেরেন তখন তার নামের পাশে ৭৭ রান। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বেন্ড্রন ম্যাককালামের শীষ্যরা। শুরুটা মোটামোটি হলেও ৪৮ রানে প্রথম ছন্দপতন হয় তাদের। ব্যক্তিগত ১৫ রানে বোলান্ডের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট। এরপর ওলি পোপ নেসেরকে ফিরতি ক্যাচ দিলে ৯০ রানে দ্বিতীয় উইকেটের পতন ইংলিশদের। নেসেরের দ্বিতীয় শিকারে পরিণত হন দলীয় সর্বোচ্চ ৪৪ রান করা ক্রাউলি। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান জো রুট ব্যক্তিগত ১৫ রানে আউট হলে হ্যারি ব্রুক ও জেমি স্মিথও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একপর্যায়ে ১৩৪ রানে ছয় উইকেট হারায় তারা। জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড এখন রয়েছে ইনিংস হারের শঙ্কায়। এখনো ৪৩ রানে পিছিয়ে তারা। তৃতীয় দিনের শেষ সেশনে যেভাবে বল করেছে অসি পেসাররা তাতে ইনিসং হার এড়ানো কঠিনই হবে ইংল্যান্ডের।