দাবানল নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ

Printed Edition

এপি

ফ্রান্সের দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে আড়াই লাখের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ ও পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্রান্সে জিরোন্দ অঞ্চলের প্যারিস শহরের মোট আয়তনের প্রায় চার গুণ এলাকা ইতোমধ্যে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, ওয়াইন উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত বোর্দো শহরের দিকে দাবানলটি বিপজ্জনকভাবে ধেয়ে এলেও গত রাত থেকে সার্বিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। নতুন করে আর কোনো লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়নি। তবে আগস্টের পর্যটন মৌসুম সামনে রেখে ভিড় এড়াতে জিরোন্দ কর্তৃপক্ষ অতিরিক্ত পদক্ষেপ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ছুটির অবকাশকালীন ক্যাম্প আয়োজন নিষিদ্ধ করেছে। বর্তমানে স্থল ও আকাশপথে পানি এবং বিশেষ অগ্নিনির্বাপক রাসায়নিক প্রয়োগ করে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস থাকায় অগ্নিনির্বাপক কর্মীরা তীব্র সঙ্কটের মুখোমুখি হতে পারেন। সোমবার সকালে প্রেসিডেন্ট মাখোঁর সভাপতিত্বে সরকারের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার করে মাখোঁ জানান, আক্রান্ত এলাকা পুনর্নির্মাণ ও মেরামতের কাজে সরকার দীর্ঘমেয়াদে সহায়তা করবে।

একই সময়ে পার্শ্ববর্তী দেশ স্পেনের মাদ্রিদের পার্শ্ববর্তী অঞ্চলে দাবানল অনিয়ন্ত্রিত রূপ ধারণ করেছে।