দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সংবর্ধনা দিলো নয়া দিগন্ত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক নয়া দিগন্তের প্রাণবন্ত আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সংবর্ধনা এবং ডিজিটাল ও অনলাইন বিভাগের সহকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সম্পাদকীয় বিভাগের প্রধান মুজতাহিদ ফারুকী, বিশেষ প্রতিবেদক রাশিদুল ইসলাম, জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা: দৃষ্টিপ্রতিবন্ধী মাদরাসার শিক্ষক হাফেজ মো: তাওহিদুর রহমান।
হেড অব ডিজিটাল মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের অসাধারণ মেধা, অধ্যবসায় ও কোরআনের প্রতি তাদের গভীর অনুরাগের প্রশংসা করেন।
নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি ও আত্মনিবেদনের মাধ্যমে মানুষ সব প্রতিবন্ধকতাকে জয় করতে পারে এটিই তার স্বাক্ষর রাখছে।
নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী অনলাইন ও ডিজিটাল বিভাগের সহকর্মীদের নিরলস পরিশ্রম ও পেশাদারত্বের কথা তুলে ধরে বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম তৈরিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখে যাচ্ছে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরো দৃঢ় করবে।
ইফতার পরিবেশন, দোয়া ও মুনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং গণমাধ্যমের অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।