নীল নদের বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

Printed Edition

রয়টার্স

নীল নদের পানি বণ্টন নিয়ে মিসর ও ইথিওপিয়ার মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নীল নদের পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পুনরায় মধ্যস্থতা শুরু করতে প্রস্তুত।

ট্রাম্পের এই উদ্যোগকে দুই দেশের দীর্ঘদিনের জলবণ্টন সঙ্কট সমাধানে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে প্রকাশ করেন। গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) উদ্বোধন করে। নীল নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিসরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে। ১২০ মিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া নীল নদের একটি উপনদীতে নির্মিত প্রায় ৫ বিলিয়ন ডলারের এই বাঁধকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

অন্য দিকে, মিসরের দাবি, এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে এবং এর ফলে দেশটি খরা ও বন্যা উভয় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তবে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প একাধিকবার মিশরের প্রেসিডেন্ট আল-সিসির প্রশংসা করেছেন।