কুমিল্লায় অস্ত্রসহ পরিবহন নেতা গ্রেফতার

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ পরিবহন শ্রমিক নেতা মো: নজমুল ইসলাম শামীমকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভার গোলাবারুদসহ আরো কয়েকটি অস্ত্র।

সেনাবাহিনীর ২৩ বীর ও র‌্যাব-১১ (সিপিসি-২) এর সদস্যরা গত শনিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র জব্দ করা হয়। এ সময় পালিয়ে যাওয়ার মুহূর্তে শামীমকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নজমুল ইসলাম শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, শামীম জাঙ্গালিয়া বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন।