ছিটকে গেলেন ঋষভ পান্ত
Printed Edition
ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। অনুশীলনের সময় পেটে সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়ায় তাকে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল, যিনি ইতোমধ্যে ভাদোদরায় দলের সাথে যোগ দিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, শনিবার ভাদোদরার বিকা স্টেডিয়ামে নেটে ব্যাটিং করার সময় ডান পাশের পেটের পেশিতে অস্বস্তি অনুভব করেন পান্ত। পরে এমআরআই স্ক্যান করানোর পর জানা যায়, তিনি অবলিক মাংসপেশির চোটে ভুগছেন। ফলে তাকে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যেতে হচ্ছে।
তবে পান্তের এই চোট ভারতের প্রথম একাদশে খুব একটা প্রভাব ফেলবে না। কারণ ওয়ানডে দলে নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে কে এল রাহুলই এগিয়ে আছেন। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ছিলেন তিনি।