বিরোধীদলীয় নেতার সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়ির পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম।
জানা যায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বিরোধী দলীয় নেতা এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতার নেদারল্যান্ডস সরকারের নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতও সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে বিরোধী দলীয় নেতার বাসভবনে থাকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সাথে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।