ফ্রেন্ডস সোস্যালকে টানছেন রিমন-সাকির
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে সিনিয়র ডিভিশন ফুটবল। এতে শীর্ষে রয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। আর পেছনে থেকে আরমান হোসাইনের দলের ঘাড়ে গরম নিঃশ^াস ফেলছে ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তারা আছে দ্বিতীয় স্থানে। এই দলটিকে এই অবস্থানে নেয়ার পেছনে অন্যতম অবদান সুনামগঞ্জের দুই ফুটবলারের। দলে সুনামগঞ্জের সাত ফুটবলারের উপস্থিতি। এদের মধ্যে গোল আর অ্যাসিস্টে সফল দুইজন। একজন রুমন ইসলাম রিমন। অপরজন সাকিব আহমেদ শাকির। দলটি এখনো এবারের লিগে অপরাজিত। সাত ম্যাচে পাঁচ জয় আর দুই ড্রতে তাদের দ্বিতীয় স্থানে থাকা। দলের এই অর্জনে রিমন করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। অন্য দিকে সাকিব আহমেদ শাকির করেছেন ৫ গোল। দলের অন্য ৫ গোলের জোগানদাতা তিনি। ইতোমধ্যে একটি হ্যাটট্রিকও করেছেন এই ফরোয়ার্ড। তার তিন গোল ছিল ঢাকা ইউনাইটেডের বিপক্ষে।
সিলেটের জগন্নাথপুরের সন্তান এই রিমন ও সাকিব। স্থানীয় এসডিএ ফুটবল একাডেমির ছাত্র তারা। স্থানীয় পর্যায়ে ফুটবল খেলেছেন। বাফুফে আয়োজিত অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলে জেলার প্রতিনিধিত্ব করেছেন। তবে ঢাকায় এই প্রথম আসা। এসেই মাঠ মাতাচ্ছেন দুই কিশোর। বয়স তাদের ১৭ বছরের নিচে। ঢাকার মাঠে সুনামগঞ্জের ফুটবলার বলতে স্বল্প পরিচিত স্ট্রাইকার মোহাম্মদ আফরোজ। আফরোজ সর্বোচ্চ বিসিএল পর্যন্ত খেলেছেন। রিমন ও সাকিরের আদর্শ এই জেলার ফুটবলারটি। এ ছাড়া বৃহত্তর সিলেটের মতিন মিয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহাবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, তাজ উদ্দিনরা তাদের প্রেরণা। এর মধ্যে বর্তমান জাতীয় দলের সাদউদ্দিন-তাজউদ্দিনদের বেশি ফলো করছেন তারা।
যেহেতু এই প্রথম ঢাকায় খেলতে আসা, তাই বাংলাদেশের কোনো বয়সভিত্তিক জাতীয় দলেও খেলা হয়নি। এখন রিমন-সাকিবের লক্ষ্য বাংলাদেশ দলে খেলা। দুইজনই জানান এই তথ্য। এই দুই ফুটবলারের ভূয়সী প্রশংসা করলেন কোচ শামীম। জানান, ‘আমার দলের এই অবস্থানে আসার পেছনে সবার অবদান। তবে অবশ্যই সুনামগঞ্জের রিমন ও সাকিরের অবদান অনস্বীকার্য। দুইজন এই প্রথম ঢাকায় খেলতে এসেছেন।’
এবারের সিনিয়র ডিভিশন লিগে ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সঙ্ঘ, ঢাকা ইউনাইটেড, বাসাবো তরুণ সঙ্ঘ ও টিঅ্যান্ডটিকে। দুই ড্র নোফেল স্পোর্টিং এবং আরামবাগ ফুটবল একাডেমির সাথে। গতকাল বাসাব তরুণ সঙ্ঘের বিপক্ষে দলের ২-০ গোলের জয় সাকির গোল করতে না পারলেও গোল করেছেন রিমন। অপর গোল জুয়েল মল্লিকের। অপর ম্যাচে সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদার ২-০ গোলে জয় নবাবপুর ক্রীড়া চক্রের বিপক্ষে। গোলদাতা সাগর মিয়া ও মমিনুল ইসলাম।