বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসর ইতোমধ্যেই যৌথভাবে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৬টি দেশ। বয়সভিত্তিক চলমান এই আসরে আজ প্রথম মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘এ’তে যুবাদের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচেই আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় আজ বেলা ১.৩০ মিনিটে জিম্বাবুয়ের বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে ম্যাচটি।

২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি যুবারা। ২০২২ সালে অষ্টম ও পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ইতিহাস পুনরুদ্ধারের মিশন নিয়েই মাঠে নামছে এবারের দল। ২০২৪ সালের দক্ষিণ আফ্রিকা আসরে শীর্ষ দশের একটি ছিল বাংলাদেশ। তাই নতুন করে বাছাইপর্ব খেলতে হয়নি তাদের।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬.৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে যুবারা। আর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড। তবে দু’টি ম্যাচই বৃষ্টি কারণে শেষ পর্যন্ত বাতিল হয়েছিল। তবে এর মাঝেই যতটুকু সুযোগ হয়েছে, ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। আর স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। বল হাতেও উইকেটের দেখা পান ছয় বোলার।

জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা। ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।