এক হালি লেবুর দামে ২ কেজি চাল

লালমনিরহাটে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

Printed Edition

লালমনিরহাট সংবাদদাতা

পবিত্র রমজান মাস শুরু হতেই লালমনিরহাটের হাট-বাজারে লেবুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্তমানে এক হালি লেবুর দামে দুই কেজি চাল কেনা যাচ্ছে এমন মন্তব্য করছেন ক্ষুব্ধ ক্রেতারা।

শহরের সেনামৈত্রী হকার্স মার্কেট, গোশলা বাজার ও বিডিআর হাটে চায়না, দেশী ও এলাচি লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রথম রোজার দিন কোথাও কোথাও ১২০ টাকা পর্যন্ত উঠেছে। ছোট আকারের একটি লেবু কিনতে গুনতে হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। চালের কেজি ৫০-৬০ টাকা হিসেবে এক হালি লেবুর দামে প্রায় দুই কেজি চাল মিলছে।

শুধু লেবুই নয়, শসা কেজি ৮০, বেগুন ৮০, করলা ২৪০, পেঁয়াজ ৫০, চিনি ১০০-১১০, সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৬ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা ১২০ এবং বিভিন্ন শাক ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, রমজানে ইফতারের চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন।

বিডিআর হাটের ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘রমজান এলেই দাম বাড়ে। এবার লেবুর শরবত ইফতার থেকে বাদ দিতে হয়েছে।’

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলায় লেবুর উৎপাদন কম; বর্তমানে গাছে ফুল থাকায় বাজারে সরবরাহ স্বল্পতা রয়েছে।

এদিকে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চললেও বাজারে এখনো স্বস্তি ফেরেনি।