উত্তরা ইপিজেডে ১৯.৫৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড টেক্সটাইল
Printed Edition
উত্তরা ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড গতকাল রোববার বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পে প্রতিষ্ঠানটি ১৯.৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার মাধ্যমে তিন হাজার ২৫৪ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক মি. জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বার্ষিক ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস যেমন- বটম, শার্ট, জ্যাকেট, টি-শার্ট ও স্পোর্টসওয়্যার উৎপাদন করবে। ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিতব্য এই কারখানার পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ইউরোপের বাজারে রফতানি করা হবে।
বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ। বেপজা আগের তুলনায় আরো আধুনিক ও বিনিয়োগকারী-সহায়ক সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি প্রতিষ্ঠানটিকে দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের আহ্বান জানান। মি. জি ঝেনিউ বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে জানান, এপ্রিল মাস থেকেই কারখানার নির্মাণ কাজ শুরু হবে।
অনুষ্ঠানে বেপজার সদস্য আবদুল্লাহ আল মামুন (প্রকৌশল), আ ন ম ফয়জুল হক (অর্থ), নির্বাহী পরিচালক সমীর বিশ্বাস (প্রশাসন), এ এস এম আনোয়ার পারভেজ (জনসংযোগ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।