মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা : কানাডা

Printed Edition
onno-2
মার্ক কার্নি

আলজাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ইরানকে এই অঞ্চলে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের মূল উৎস হিসেবে চিহ্নিত করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী কার্নি জানান, ইরান ও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলো শত শত মানুষকে হত্যা করেছে, যার মধ্যে কানাডার নাগরিকরাও রয়েছেন। এই অঞ্চলের লাখ লাখ মানুষের অবর্ণনীয় দুর্ভোগের জন্য তিনি ইরানকে দায়ী করেন। তিনি আরো জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং দেশটির শাসনব্যবস্থা যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আর হুমকি হয়ে না দাঁড়ায়, সে প্রচেষ্টায় কানাডার পূর্ণ সমর্থন রয়েছে। বর্তমান সংঘাতকে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করে কার্নি বলেন, ‘আমরা বাস্তবতাকে মেনে নিচ্ছি, কেবল একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই।’ তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দীর্ঘ প্রচেষ্টার পরও ইরানের পারমাণবিক হুমকি দূর করা সম্ভব হয়নি।

মার্ক কার্নি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জাতিসঙ্ঘকে না জানিয়ে বা কানাডার মতো মিত্রদের সাথে আলোচনা না করেই এই সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি মনে করিয়ে দেন যে, আন্তর্জাতিক আইন সব বিবদমান পক্ষের জন্যই প্রযোজ্য। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যের বেসামরিক নাগরিক ও অবকাঠামোতে ইরানের চালানো হামলার তীব্র নিন্দা জানান।

সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ সব পক্ষকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার অনুরোধ করছি।’ সংঘাত আরো ছড়িয়ে পড়া রোধ করতে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার ওপর জোর দেন। তিনি জানান, নিরপরাধ বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষা দিতে হবে এবং পারমাণবিক বিস্তার ও সন্ত্রাসবাদ বন্ধে সব পক্ষকে স্থায়ী চুক্তিতে আসার প্রতিশ্রুতি দিতে হবে।