শ্রীপুরে ভঙ্গুর সেতু দিয়েই পারাপার

Printed Edition
bangla-7
শ্রীপুরে ভঙ্গুর সেতু দিয়েই পারাপার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা থেকে বাউনি বাজার অভিমুখী বীর মুক্তিযোদ্ধা কবির প্রধান সড়কের সেরার খালের ওপর ছোট সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে শত শত মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ১৯৮৮ সালে নির্মিত সেতুটির পিলার শুধু ইট দিয়ে তৈরি হওয়ায় সময়ের সাথে তা দুর্বল হয়ে পড়ে। প্রায় পাঁচ বছর আগে সেরার খাল পুনঃখননের পর বর্ষার পানির স্রোতে সেতুর নিচের প্রায় এক-তৃতীয়াংশ ইট ও মাটি সরে যায়। এরপর থেকেই সেতুর নিচে ফাটল দেখা দেয় এতে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

পটকা গ্রামের স্থায়ী বাসিন্দা শাহজাহান বলেন, প্রতিদিন এ সেতু দিয়ে স্কুল শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ যাতায়াত করে। সেতুর নিচে বড় ফাঁকা তৈরি হয়েছে। কখন যে ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটে যায় এটা নিয়ে সবাই আতঙ্কে আছে। আরেক বাসিন্দা সাজেদুল করিম বলেন, বেশি ভয় হচ্ছে ভারী যানবাহন নিয়ে। যদি কোন অপরিচিত চালক না জেনে রাতের বেলায় এ দিক দিয়ে চলে আসে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

অটোরিকশাচালক আব্দুর রশিদ বলেন, প্রতিবার সেতু পার হওয়ার সময় মনে হয় দেবে যায়; কিন্তু বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিতে হচ্ছে। গোসিংগা এলাকার এক ড্রাম ট্রাকচালক আসাদুল্লাহ বলেন, ব্রিজের এ অবস্থা দেখে ভয়ে আর যায়নি।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ২ নং সদস্য ফারুক আহমেদ বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা উপজেলা প্রকৌশলী দফতরকে জানিয়েছি। দ্রুত পরিদর্শন করে নতুন সেতুর প্রস্তাব পাঠানো হবে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নতুন একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। জরিপের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত সেতুর প্রবেশদ্বারের উভয় পাশে রাস্তার সংযোগস্থলে অস্থায়ীভাবে দু’টি সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।