সাজ্জাদ সাদিক
বারবার ফিরে আসি
Printed Edition
১৪৪ ভেঙে মিছিলে ছুটে যাই বায়ান্ন সালে
মাতৃভাষা আদায় করব বলে
স্বেচ্ছায় বুকে তুলে নিই ঘাতকের বিদারি বুলেট ।
আমি শহীদ হয়ে গেলে বারবার তারা বলে ওঠে,
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?’
তারা আমাকে কখনো হারাতে দেয়নি বলে
আমি ফিরে আসি বায়ান্নর রাজপথ হয়ে একাত্তরে
বুকে বহন করে স্বদেশপ্রেমের পুরনো চেতনা ।
একটি ফুলকে বাঁচাব বলে সাড়ে সাত কোটি জনতা
নেমে আসি রণাঙ্গনে। আমাকে এবার
ছিন্নভিন্ন করে ফেলে জলপাই রঙের একটি দানব।
আজও শুনতে পাই, ‘আমরা তোমাদের ভুলব না’
চব্বিশের অভ্যুত্থানেও তাই রাজপথে ফিরে এসেছি
বুকে ধারণ করে স্বদেশপ্রেমের পুরনো চেতনা ।