সিরাজগঞ্জে দেয়ালধসে দুই নির্মাণশ্রমিক নিহত
Printed Edition
সিরাজগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণ করার সময় দেয়ালধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
শনিবার সকাল ১০টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় মর্মান্তক এ ঘটনাটি ঘটে। নিহত কমল চন্দ্র দাস (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের পঞ্চদাসের ছেলে। অপরজন আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়ালধসে পড়লে পাঁচ শ্রমিক চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে দেয়াল কেটে দু’জনের লাশ উদ্ধার করে এবং তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।