চরভদ্রাসনে ৩০০ টাকা বেশি দামে গ্যাস বিক্রি
Printed Edition
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য এক হাজার ৩০০ টাকা হলেও উপজেলার বিভিন্ন দোকানে তা এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ক্রেতাদের অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা গুনতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পরিচিত ক্রেতা গেলে অনেক দোকানেই ‘গ্যাস নেই’ বলে ফিরিয়ে দেয়া হয়। তবে অপরিচিত বা বাড়তি দাম দিতে রাজি থাকলে গোপন মজুদ থেকে গ্যাস সরবরাহ করা হয়।
এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন।
উপজেলার বালিয়াডাঙ্গী এলাকার এক ক্রেতা বলেন, সরকারি দাম এক হাজার ৩০০ টাকা হলেও এক হাজার ৫৫০ টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে। প্রতিবাদ করলে দোকানিরা নিতে না চাইলে অন্য জায়গায় যেতে বলেন। এক গৃহিণী জানান, দোকানে গ্যাস নেই বলা হলেও পরে অন্য ক্রেতাকে বেশি দামে বিক্রি করতে দেখা গেছে।
অভিযোগের বিষয়ে এক গ্যাস বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবহনসহ অতিরিক্ত খরচের কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, সরকারি দামের বাইরে গ্যাস বিক্রি সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে এবং শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে।
এদিকে, সচেতন মহল বাজার তদারকি জোরদার ও সরকারি দামে গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।