ডাকসু নেতাদের অভিযোগ
বহিরাগত নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন ভিসি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
- জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
- মানবতাবিরোধী অপরাধ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা অভিযোগ করেছেন, গত বছরের ১৪ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মাকসুদ কামাল ছাত্রলীগ নেতাদের নির্দেশ দিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেসব্রিফিংয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ও ছাত্রপরিষদ সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ অভিযোগ করেন।
সাদিক কায়েম দাবি করেন, ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করলে, তিনি (শেখ হাসিনা) ভিসি মাকসুদ কামালকে শিক্ষার্থীদের দমন করার নির্দেশ দেন। এরপর ভিসি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতকে তার বাসভবনে ডেকে নিয়ে বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেন।
ডাকসু সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী বলেন, ‘সেই নির্দেশনার অডিও রেকর্ড ইতোমধ্যে ফাঁস হয়েছে। ভিসি সরাসরি বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের দমন করার নির্দেশনা দিয়েছিলেন।’ তিনি পরের দিন ১৫ জুলাই রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হামলার কথাও উল্লেখ করেন।
ছাত্রপরিষদ সম্পাদক আসিফ আব্দুল্লাহ ১৫ জুলাইয়ের হামলার নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদের কথা টেনে বলেন, ‘সে এখন লন্ডনে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’
মাকসুদ কামালকে ‘সেভ এক্সিট’ দেয়ার চেষ্টার অভিযোগ এনে ভিপি সাদিক কায়েম বলেন, ‘মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছে। তার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে।’ তিনি জানান, এই ঘটনার সব তিনি প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছেন।
উল্লেখ্য, ডাকসুর তিন নেতা বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দী দিতে আসেন। সাদিক কায়েম ওবায়দুল কাদেরের মামলায়, মুসাদ্দিক আলী ও আসিফ আব্দুল্লাহ সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষ্য দেন।