ধনবাড়ীতে রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য
Printed Edition
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায়ই সংঘর্ষ, মারধর, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এবং প্রভাবশালী মহলের আশ্রয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি ধনবাড়ী পৌর শহরের পূর্ব চালাষ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয় ধনবাড়ী আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আলভি শাহরিয়ারসহ তিন কিশোর। উপজেলা পরিষদের পাশের মডেল মসজিদের সামনে তাদের ঘিরে ধরে স্টিলের পাইপ ও কিল-ঘুষি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত আলভিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আলভি শাহরিয়ার জানায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বয়স ১৩-১৬ বছরের মধ্যে বলে সে দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার পর আলভির মা মোকছেদা পারভীন লিপি ধনবাড়ী থানায় তিন কিশোরের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। তবে তার অভিযোগের পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
স্থানীয়দের ভাষ্য, ধনবাড়ী পৌর শহরের ঈদগাহ মাঠ, মহিলা কলেজ সড়ক, খাসপাড়া, মেলার মাঠ, পলাশতলীসহ অন্তত এক ডজন স্থানে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি জানান, কিশোর গ্যাংয়ের কোনো তৎপরতার খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।