গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান হোটেল ও সেলুন সিলগালা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে গত বুধবার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৪/২-এর আওতাধীন গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আবাসিক ভবনে অননুমোদিত ব্যবহারের ফলে মোট সাত আবাসিক হোটেল, সেলুন ও স্পা সেন্টার সিলগালা করা হয়। এসময় ৯ নারী ও পাঁচজন পুরুষকে থানায় সোপর্দ করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে আবাসিক ভবনে অননুমোদিত স্পা ও সেলুন পরিচালনার কারণে গুলশানের ৪১ নাম্বার রোডের নাইস সেলুন সিলগালা করে দেয়া হয়। এসময় সেখান থেকে একজন মহিলা ও তিনজন পুরুষকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এ ছাড়াও গুলশানের হোটেল আমারির আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এবং ভবনের নকশা ব্যত্যয় করায় হোটেলটি সিলগালা করে দেয়া হয়। তবে হোটেলটিতে বিদেশী অতিথি অবস্থান করায় তাদের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য শুধু সেই সব রুম খালি করার জন্য রোববার পর্যন্ত সময় দিয়ে অঙ্গীকারনামা নেয়া হয়।