মেধাবী মুখ

মেডিক্যালে সুযোগ পেলেন আশিকুল ইসলাম

Printed Edition
bangla-5
মেডিক্যালে সুযোগ পেলেন আশিকুল ইসলাম

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

দারিদ্র্য ও অনিশ্চয়তাকে জয় করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক দরিদ্র পরিবারের সন্তান আশিকুল ইসলাম। চলতি বছরের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ৪৬১০তম মেধাক্রমে উত্তীর্ণ হয়ে তিনি জামালপুর সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

আশিকুল ইসলাম উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া এলাকার বাসিন্দা। তার বাবা শফিকুল ইসলাম পেশায় রিকশাচালক এবং মা দুলালি বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে আশিকুল দ্বিতীয়। সীমিত আয়ের পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই পড়াশোনায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন তিনি।

গ্রামীণ এলাকার হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন আশিকুল। পরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পান। একই বছর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিষয়ে ভর্তির সুযোগ পেলেও তার লক্ষ্য ছিল চিকিৎসক হওয়া। প্রথমবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হলেও হতাশ না হয়ে এক বছর কঠোর পরিশ্রম চালিয়ে যান। তারই ফল হিসেবে এবার কাক্সিক্ষত সাফল্য আসে।

ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা শফিকুল ইসলাম বলেন, ‘অভাবের কারণে নিজে পড়তে পারিনি। ছেলের পড়াশোনা যেন টাকার অভাবে থেমে না যায়, এটাই আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা।’ তিনি আশিকুলের ডাক্তারি শিক্ষা সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।

আশিকুলের এ সাফল্যে এলাকাবাসীও আনন্দিত। তাদের মতে, এই অর্জন প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রাম থেকেও বড় স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।