ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
জমিয়তের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
Printed Edition
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ দুপুরে তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে গতকাল মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন বিএনপির কঠিন সময়ের লড়াকু নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে তার মনোনয়নের সম্ভাবনা থাকলেও জোটের সাথে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলের মনোনয়ন বঞ্চিত হলেন।
দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা।