ইন্টারকে হারিয়ে বোদোর রূপকথা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ঝড় বইয়েই চলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমিট। ইউরোপিয়ান পরাশক্তিদের নাকানি-চোবানি খাইয়ে দেখাচ্ছে চমকের-পর চমক। ম্যানচেস্টার সিটি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো প্রতাপশালী দলগুলোকে উড়িয়ে দেয়ার পর গত পরশু থামিয়ে দিলো ইন্টার মিলানকেও। টানা দুই লেগেই জয়। প্রথমে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে সান সিনোর দলটিকে। আর ফিরতি লেগে ইন্টারকে আবার ২-১ ব্যবধানে হারানো। এতে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে ইতিহাস গড়ে শেষ ষোলোয় উঠেছে বোদো/গ্লিমিট। দুই লেগ মিলে ৫-২ এগ্রিগেটে নকআউটে পা রাখল নরওয়ের এই ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে গত পরশুর রাতটা ছিল নরওয়েজিয়ানদের। একদিকে বোদো/গ্লিমিটের চমকানো সাফল্য, অন্য দিকে দুর্দান্ত হ্যাটট্রিক নরওয়ের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের। তার সাফল্যে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদও। প্লে-অফের প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব ব্রুজের সাথে ৩-৩ গোলে ড্র’র পর দ্বিতীয় লেগে ৪-১ গোলের জয়। ফলে দুই লেগ মিলে ৭-৪ ব্যবধানে এগিয়ে নকআউট রাউন্ডে উঠল দিয়েগো সিমিওনের দল। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল অথবা টটেনহামের মুখোমুখি হবে অ্যাথলেটিকো।
এদিন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। এই ড্র’র পরও প্রথম লেগে ২-০তে জয়ের ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাবটি। আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকেকে প্রথম লেগে ৬-১ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় লেগেও ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ফলে দুই লেগ মিলে ৯-৩ এগ্রিগেটে এগিয়ে নকআউট নিশ্চিত করল দ্য ম্যাগপাইরা।
ইউরোপ ফুটবলের মানচিত্রে জ্বলজ্বলে এক নাম অখ্যাত সেই বোদা/গ্লিমিট। চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলতে এসে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের দল সøাভিয়া প্রাহার বিপক্ষে ২-২ গোলে ড্র। ইংলিশ প্রিমিয়ার ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও একই ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এরপর তৃতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের কাছে লিগে প্রথম হার। চতুর্থ ম্যাচে নিজেদের মাঠে মোনাকোর কাছে লড়াই করেও ১-০তে পরাজিত হতে হয়েছিল তাদের। মোনাকোর মতো জুভেন্টাসের বিপক্ষেও চোখ রাঙিয়ে খেলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচে বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডের সাথেও ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের ক্লাবটি। প্রথম ছয় ম্যাচ শেষে তিন ড্রয়ে পয়েন্ট ছিল তাদের তিন। এটুকুই ছিল অনেক বড় প্রাপ্তি। তবে বাকি ছিল আসল চমক। সপ্তম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে ও গ্রুপের শেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্যভাবে প্লে-অফে জায়গা করে নেয় তারা। আর সবশেষ গত আসরের রানার্স আপ ও ইউরোপের পরাশক্তি ইন্টারকে পরিষ্কার ব্যবধানেই পরাভূত করে নকআউটের টিকিট কাটল বোদো/গ্লিমিট।
সান সিরোতে রূপকথার ছুটে চলা অব্যাহত রাখার পথকে ৫৮ মিনিটে ইন্টারর জালে বল পাঠিয়ে আরো সহজ করে ফেলে বোদো/গ্লিমিট। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৭৬ মিনিটে একটি গোল শোধ করলেও আর কিছুই করতে পারেনি ইন্টার।
ম্যাচ শেষে নরওয়ের ক্লাবটির অধিনায়ক প্যাট্রিক বার্গ বলেন, ‘আমাদের ক্যারিয়ারের সবচেয়ে দারুণ অভিজ্ঞতা ও বড় প্রাপ্তি।’ উচ্ছ্বসিত কণ্ঠে দলের কোচ কেজেটিল নুটসেন বলেন, ‘ছোট্ট একটি শহরের ক্লাব কী করে ফেলল, বিশ্বাস করতে পারেন! অবিশ্বাস্য অর্জন।’