স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে : ডা: এ জেড এম জাহিদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, চিকিৎসকদেরকে সবার আগে চিকিৎসাসেবা ও হাসপাতাল নিয়ে ভাবতে হবে। মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন ড্যাবের সাবেক মহাসচিব ও ঠাকুরগাঁও থেকে নির্বাচিত এমপি অধ্যাপক ডা: মো: আব্দুস সালাম, গাজীপুর থেকে নির্বাচিত এমপি অধ্যাপক ডা: এ কে এম রফিকুল ইসলাম।

বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা: এ কে এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, অধ্যাপক ডা: রফিক আল কবির, অধ্যাপক বজলুল গণি ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন ডা: সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান। উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ প্রমুখ। ডা: জাহিদ হোসেন বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একটি স্বাস্থ্যবান জাতি গড়ে তুলতে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করার পাশাপাশি ৭১ ও ২৪-এর শহীদসহ বিগত ১৫ বছর আওয়ামী শাসনামলে যারা শহীদ হয়েছেন তাদের জান্নাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে জনসংখ্যার আনুপাতিক হারে চিকিৎসকদের সংখ্যা কম। তিনি বলেন, বাইরে থেকে ড্যাবের ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা শোনা যায়। কেউ কেউ বলেন, ড্যাব স্বাস্থ্য মন্ত্রণালয় খেয়ে ফেলবে। কিন্তু এই ক’দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি যে তেমন কিছু না। এখন পর্যন্ত কেউ অনৈতিক প্রভাব খাটাতে চেষ্টা করেননি।

তাদের সম্বন্ধে যত খারাপ কিছু শোনা যায়, কিন্তু গত ১২-১৪ দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি তারা ততটা খারাপ না। আমি একটি সরকারি মেডিক্যাল কলেজের ওটিতে ঢুকে দেখেছি এটা অনেক আগের মনে হলেও সেগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আবেদন করেন, তারা চাইলে হাসপাতালগুলোর ওটি গড়ে দিতে পারেন, তাহলে মানুষের উপকার হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো করার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রী বেটার সার্ভিস দেয়ার জন্য আরো ডাক্তার নিয়োগের কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনকল্যাণে যা যা করার দরকার হবে আমরা সবই করব।