শহর পরিচ্ছন্নতায় নামলেন এমপি আবু তালিব

Printed Edition

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়– হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাও: আবু তালিব। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগটি নিয়েছেন তিনি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়– হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি তিনি শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাঁদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন।

সংসদ সদস্য আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্নতা টিম শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণাও চালান।