মোহনপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মো: আলাউদ্দিন (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের জামাতের ইমাম নিয়োগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমামের নাম প্রস্তাব করা নিয়ে উপস্থিত বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আলাউদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় আলাউদ্দিনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ দিকে, গতকাল রোববার বাদ আসর নিহতের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও আবদুল বারী সরদারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতারা।

মহানগর আমির মাওলানা ড. কেরামত আলী ও জেলা আমির অধ্যাপক আবদুল খালেক পৃথক বিবৃতিতে দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা ওমর ও রাইসুলের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর থেকেই ওই এলাকায় জামায়াত সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছিল, যার চূড়ান্ত রূপ এই হত্যাকাণ্ড।

বিবৃতিতে নেতারা আরো বলেন, শান্তিপূর্ণ ধর্মীয় একটি বিষয় নিয়ে এ ধরনের বর্বরোচিত হামলা অমানবিক ও কাপুরুষোচিত।

‘সবার আগে বাংলাদেশ’ সেøাগান দিলেও বিএনপি বাস্তবে খুনের রাজনীতি শুরু করেছে। তারা অবিলম্বে মূল অভিযুক্ত ওমর ও রাইসুলসহ জড়িত সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।