মুন্সীগঞ্জে স্বাস্থ্যসেবায় অচলাবস্থা, ১৬ দিন ধরে শূন্য দুই গুরুত্বপূর্ণ পদ

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের স্বাস্থ্যখাতে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ১৬ দিন ধরে জেলার সিভিল সার্জন ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদ শূন্য থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম। প্রশাসনিক দুর্বলতার সুযোগে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

জানা গেছে, গত ২৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা ও জলাতঙ্কের ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবীর ও সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এরপর থেকে এখনো ওই দুই পদে স্থায়ী নিয়োগ হয়নি।

সরেজমিন দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন রোগীর উপচেপড়া ভিড় থাকলেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না অনেকেই। রোগীদের অভিযোগ, চিকিৎসকের সাক্ষাৎ পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা করানো এবং ওয়ার্ডে ভর্তি হওয়া নিয়েও তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা।

রোগীর স্বজনদের অভিযোগ, তদারকির অভাবে হাসপাতালের ভেতরে ও আশপাশে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। তারা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিতে নানা কৌশল অবলম্বন করছে।

এদিকে প্রয়োজনীয় তথ্য বা সঠিক বিভাগ খুঁজে পেতেও রোগীদের ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।