তুরস্কের প্রতিরক্ষা রফতানি ৩০ শতাংশ বেড়েছে
Printed Edition
আনাদোলু
তুরস্কের প্রতিরক্ষা ও বিমান খাতের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে এই খাতে তুরস্কের রফতানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫০ কোটি মার্কিন ডলারে। শনিবার নৌযান কমিশনিং উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘প্রতিরক্ষা ও বিমান খাতে রফতানি বৃদ্ধির এই ধারা তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা ও শিল্প খাতের অগ্রগতির প্রতিফলন।’ বর্তমানে তুরস্ক বিশ্বের ১১তম বৃহৎ প্রতিরক্ষা রফতানিকারক দেশ এবং ২০২৮ সালের মধ্যে এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নেয়ার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সে সময়ের মধ্যে রফতানি ১১০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রকল্পগুলোর লক্ষ্য শুধু পণ্য তৈরি নয়, বরং একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রযুক্তি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা বলে মন্তব্য করেন এরদোগান। তিনি আরো উল্লেখ করেন, ‘তুরস্ক বর্তমানে বিশ্বের হাতেগোনা ১০টি দেশের অন্যতম, যারা নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ডিজাইন, উন্নয়ন ও নির্মাণে সক্ষম।’