চট্টগ্রামে প্রীতি সমাবেশ
কল্যাণরাষ্ট্র গড়তে ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করুন : শামসুল ইসলাম
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, যে লক্ষ্য নিয়ে দেশের তরুণরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ হটিয়ে ছিল, তার ছিটেফোঁটাও এখনো পূরণ হয়নি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে তরুণদের সর্বদা সজাগ থাকতে হবে। ৫৪ বছরের অনিয়ম ও দুঃশাসনের জাল ছিন্ন করে কাক্সিক্ষত পরিবর্তন আনতে আসন্ন নির্বাচনে ‘গণভোটে’ ইতিবাচক সাড়া দেয়ার পাশাপাশি দেশপ্রেমিক ১১-দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর কেবি কনভেনশন হলে সাতকানিয়া-লোহাগাড়া নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা শামসুল ইসলাম আরো বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র বাস্তবায়নের লড়াইয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জোটের প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এ জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে যার যার এলাকায় গিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত তৈরি ও ভোট চাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।