যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি না হলেও ইরান টিকে থাকবে : পেজেশকিয়ান
Printed Edition
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন পেজেশকিয়ান। এমন এক সময় তিনি এই মন্তব্য করেছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে সপ্তাহ শেষে হওয়া আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন।
এই আলোচনা দীর্ঘদিনের পারমাণবিক বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যেই চলছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি কোনো নতুন পারমাণবিক চুক্তি না হয়, তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে। সংবাদমাধ্যমকে পেজেশকিয়ান বলেন, ‘যদি তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সাথে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।’ এই আলোচনায় উভয়পক্ষের জন্যই ঝুঁকি অনেক।
ট্রাম্প চান ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে। কারণ ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তারা চায় তাদের তেল-নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া হোক।