মতলবে সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
Printed Edition
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে যানবাহন। ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুর মাঝখানের জয়েন্টে এই ফাটল দেখা দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে কংক্রিট, বেরিয়ে পড়ছে রড।
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থলে নির্মিত এ সেতুতে ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুটি কাঁপতে থাকে বলে এলাকাবাসী জানান। সংযোগ সড়কের গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানায়, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বিভিন্ন জেলা বিপুল সংখ্যক মানুষ ঢাকায় যাতায়াতের জন্য এ সেতুর ওপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে।
২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি টাকা। ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের সাতটি স্প্যান এবং ১ দশমিক ৮৬ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ নির্মিত সেতুটি ২০১৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মতলব উত্তর উপজেলার একজন সিনিয়র সাংবাদিক জানান, এ ফাটল নিয়ে আতঙ্কের কিছু নেই বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অভিমত।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম নয়া দিগন্তকে বলেন, তিনি সবেমাত্র এ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেতুর ফাটলের বিষয়ে খবর নিয়ে বুধবার তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।