রমনা পার্কের সামনে থেকে গাড়ি চুরি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা পার্কের অরুণাদয় গেট বা যমুনা ভবনের সামনে থেকে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালক মো: কাওছার আজিজুর রহমানের ব্যক্তিগত এক্স করোলা গাড়ি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এই বিষয়ে জিডি করা কোম্পানির গাড়ির চালক সুজন মাহমুদ বলেন, পরিচালক কাওছার আজিজুর রহমানকে তার ব্যক্তিগত ড্রাইভার মো: সবুজ (৩৯) গত শুক্রবার রমনা পার্কের অরুণাদয় গেটের সামনে নামিয়ে দিয়ে ওয়াস রুমে যায়। সেখানে ব্যক্তিগত কাজ সেরে গেটের সামনে এসে গাড়িটি খুঁজে পাননি। যার নম্বর-ঢাকা মেট্রো-গ-১৯-৫৬৯৪। পরে রমনা থানায় সাধারণ ডাইরি করি। থানা থেকে সিসিটিভি চেক করতে বলায় জানানো হয় সেটি নষ্ট। তবে যমুনার মতো এলাকার সিসিটিভি কিভাবে নষ্ট হতে পারে?

এই বিষয়ে জানতে রমনা থানার এসআই মনিরুজ্জামান খান বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সিসি ক্যামেরা যাচাই বাছাই করছি। সামনে থাকা ক্যামেরাটা পুরোপুরি বুঝা যাচ্ছে না। এতে করে শনাক্ত করতে কিছু বেগ পেতে হচ্ছে। তবে পাশে থাকা সিটি করপোরেশনের ক্যামেরায় এটি ধরা পরে কি না দেখলে জানা যাবে। লক থাকা অবস্থায় কিভাবে একটা গাড়ি চুরি হতে পারে সেটিও দেখার বিষয়। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।