বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোবাইল অ্যাপ ডেভেলপার, তরুণ উদ্ভাবক ও খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘বিডি অ্যাপস অ্যাওয়ার্ড নাইট- ২০২৬’। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রযুক্তি ও ডিজিটাল ইকোসিস্টেমে অবদান রাখায় প্রতিভাবান তরুণ এবং একটি উদ্যোগকে সম্মাননা দেয়া হয়। সেই সাথে সম্ভাবনাময় ডেভেলপারদের প্রশিক্ষণের জন্য দুই মাসব্যাপী একটি বুট ক্যাম্পেরও উদ্বোধন করা হয়।
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ডের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছেন খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম। একটি সক্রিয় ক্যাম্পাস কমিউনিটি গড়ে তোলা ও শিক্ষার্থীদের ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করতে ভূমিকা রাখায় এই পুরস্কার পেয়েছেন তিনি।
প্রযুক্তিতে নারীদের এগিয়ে নিতে কাজ করার জন্য ‘শি স্কোয়াড চ্যাম্পিয়ন’ হয়েছেন ফারাহ সায়েদ আব্দুল বারী। এ ছাড়া বরিশালের মুহাম্মদ তাওসিফ হোসেন ‘ইমার্জিং ইন্ডিভিজুয়াল ডেভেলপার-২০২৫’ হিসেবে পুরস্কার পেয়েছেন। চট্টগ্রামের আবু বকর সিদ্দিকীর তৈরি ‘বিয়ে বন্ধু’ অ্যাপ ‘ইমার্জিং অ্যাপ অব-২০২৫’ হিসেবে নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে ভবিষ্যৎ অ্যাপ ডেভেলপার গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুট ক্যাম্প (এনএডিবি) উদ্বোধন করা হয়। রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন। দুই মাসব্যাপী এই বুট ক্যাম্পের মাধ্যমে তরুণ ডেভেলপারদের কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ দেয়া হবে। অনুষ্ঠানে ‘ইউথ-লেড ইনোভেশন : ড্রাইভিং বাংলাদেশস ডিজিটাল ফিউচার’ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তরুণদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।
আলোচনায় অংশ নেন ওস্তাদ-এর সিইও সৌরভ বড়–য়া, রবি আজিয়াটা পিএলসির পরিচালক মানিক লাল দাস, আইসিটি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান এবং মিয়াকির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তানিম ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিসেস মো: আলতামিস নাবিল।