হাজার গোল করতে দৃঢ়প্রতিজ্ঞ রোনালদো

Printed Edition
khela-4
হাজার গোল করতে দৃঢ়প্রতিজ্ঞ রোনালদো

ক্রীড়া ডেস্ক

গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাইয়ে গত পরশু অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে নেন পর্তুগিজ সুপারস্টার। পুরস্কার জয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ৯৫৬ গোলের মালিক পর্তুগিজ মহাতারকা এক হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌদি প্রো লিগে গত পরশু আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। লিগে এখন পর্যন্ত ১২ বার জালের দেখা পান সিআর সেভেন। এতে করে তারই স্বদেশী জোয়াও ফেলিক্সের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক এখন আল নাসরের অধিনায়ক। বয়স ৪০ পেরিয়েও অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে তিনি যেমন ছুটে চলেছেন। এ বয়সে পারফরম্যান্স ধরে রেখে খেলা চালিয়ে যাওয়া কঠিন। তাতে হাজার গোলের মাইফলক না ছোঁয়া পর্যন্ত খেলা ছাড়ছেন না এ মহাতারকা।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই ও সেই সংখ্যাটিতে (এক হাজার গোল) পৌঁছেতে চাই। যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছব, যদি চোট-টোট না হয়। লক্ষ্য অর্জনে একই তাড়না, নিবেদন ও ক্ষুধা নিয়ে এগিয়ে যাব।’