রাজধানীতে মুঠোফোন ব্যবসায়ীদের ফের সড়ক অবরোধ

Printed Edition
3rd-5
মোবাইল ফোন ব্যবসায়ীরা রাজধানীর সার্ক ফোয়ারার সামনে রাস্তা অবরোধ করে রাখেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ও যমুনা ফিউচার শপিং মলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে সেসব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরপর তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করেন। এতে করে তীব্র যানজট সৃষ্টি হয়।

অন্যদিকে যমুনা ফিউচার পার্কের সামনে ফুট ওভার ব্রিজের নিচে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ করে মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইলের ওপর সরকারের আরোপিত অতিরিক্ত ট্যাক্স ভ্যাটের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন বলে জানায় আন্দোলনকারীরা।

পথচারীরা জানান, যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু করে গুলশানমুখী রাস্তায় কোনো যানবাহন নেই। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে বাসায় ফিরছে। আর রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে বাস, প্রাইভেট কার ও বিভিন্ন যানবাহন। আমরা বাধ্য হয়ে হেটে গন্তব্যে যাচ্ছি।