বিদায় ২০২৫ : শোবিজ নক্ষত্রের পতন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
কালপঞ্জির পাতায় যোগ হতে যাচ্ছে নতুন একটি বছর। ২০২৬ সালকে স্বাগত জানানোর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পেছন ফিরলে দীর্ঘশ্বাস ভারী হয়ে ওঠে। ২০২৫ সালটি দেশের বিনোদন অঙ্গন থেকে কেড়ে নিয়েছে অনেক প্রিয় মুখ। কারো অভিনয় আমাদের হাসিয়েছে, কারো গান জুড়িয়েছে প্রাণ। আজ তারা ধরাছোঁয়ার বাইরে, পরপারে। প্রিয় তারকাদের বিদায়বেলার করুণ সুর নিয়েই সাজানো হয়েছে এবারের সালতামামি।
অভিনেতা প্রবীর মিত্র
নক্ষত্র পতনের মাধ্যমে শুরু হয়েছিল চলতি বছর। ৫ জানুয়ারি রাত ১০টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। নানা শারীরিক জটিলতা নিয়ে প্রায় ১৩ দিন চিকিৎসার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পাঁচ দশকের অভিনয় জীবনে চার শতাধিক চলচ্চিত্রে কাজ করা গুণী এ অভিনেতা। প্রবীর মিত্র অভিনীত উল্লেøখযোগ্য সিনেমাগুলো ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘সীমা’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শেয়ানা’ ইত্যাদি।
অভিনেত্রী অঞ্জনা রহমান
৪ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। মৃত্যুর এক মাস আগে জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। সে সময় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ ভর্তি করা হয় পরে পিজি হাসপাতালে নেয়া হয়।
অভিনেতা শাহবাজ সানী
ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী মাত্র ৩৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। ১৭ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস র্যাগ করেন। অভিনেতার মৃত্যুতে শোবিজ তারকাদের স্তব্ধ করেছিল।
অভিনেত্রী গুলশান আরা আহমেদ
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রের অভিনেত্রী গুলশান আরা আহমেদ ১৫ এপ্রিল ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দার অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।
অভিনেত্রী তানিন সুবহা
অভিনেত্রী তানিন সুবহা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে মারা যান। মৃত্যুত আগে অভিনেত্রীকে এক সপ্তাহের বেশি লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুর দুদিন আগে চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলেন। পরে স্বামীর সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেয়া হলে অকাল প্রয়াণ ঘটে এ অভিনেত্রীর।
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ
দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ২০ জুন রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুর চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গায়ক এ কে রাতুল
মাত্র ৩৬ বছর বয়সে চলে গেলেন চিত্রনায়ক জসীমের মেজ ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল। গত ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে।
গীতিকার ও অভিনেত্রী জাহানারা
অভিনেত্রী, গীতিকার ও প্রযোজক জাহানারা ভূঁইয়া ২৫ আগস্ট ৬৮ বছরে না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চিকিৎসাধীন ছিলেন। ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তার দু’টি কিডনি অকার্যকর হয়ে গিয়েছিল।
সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন
দীর্ঘদিন কিডনিজনিত রোগের সঙ্গে যুদ্ধ করে ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১০টায় না ফেরার দেশে পাড়ি জমান একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
নির্মাতা শেখ নজরুল ইসলাম
বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম ২২ নভেম্বর রাত সাড়ে ১১টায় মারা যান। ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোক করলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশীয় চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।
প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ
জীবনের পাঠ চুকিয়ে ২২ নভেম্বর ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ। মৃত্যুর আগের দিন ২১ নভেম্বর সকালে অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে দেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গিটারিস্ট সেলিম হায়দার
নন্দিত গিটারিস্ট ও মিউজিশিয়ান সেলিম হায়দার ২৭ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কণ্ঠশিল্পী জেনস সুমন
সঙ্গীতশিল্পী জেনস সুমন ২৮ নভেম্বর মাত্র ৪০ বছর বয়সে মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।