কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির

খুলনা ব্যুরো
Printed Edition

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ড. হযরত আলীর পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে কুয়েট শিক্ষক সমিতি। গতকাল বুধবার সমিতির জরুরি সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো: ফারুক হোসেন।

ড. ফারুক বলেন, কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি দায়িত্ব পালনে অক্ষম। কুয়েটের যে গাড়িতে তিনি ঢাকায় গিয়েছেন সেই গাড়ি ফেরত পাঠিয়েছেন। রেজিস্ট্রারের কাছে লিখিত দিয়ে ভিসির দায়িত্ব পালনে অপারগতার কথাও জানিয়েছেন। সুতরাং এখন শিক্ষকদের একমাত্র দাবি তার পদত্যাগ। পাশাপাশি একজন যোগ্য ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এ ছাড়া কুয়েটের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মানববন্ধন করা হবে জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক বলেন, এখন শিক্ষক-শিক্ষার্থী সবার দাবি ক্লাস শুরু করার। কিন্তু এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন ভিসি কাউকে কিছু না জানিয়েই খুলনা ছেড়েছেন। এই মুহূর্তে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগই একমাত্র দাবি উল্লেখ করে তিনি সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভিসি পদায়নের দাবি জানান।

এর আগে টানা ৭৫ দিন বন্ধ থাকার পর গত ৪ মে কুয়েটের ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষক লাঞ্ছনার বিচার চেয়ে শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেন।