যুবদল নেতার হামলার প্রতিবাদ শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
Printed Edition
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
যুবদল নেতা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেস ক্লাব ভবনে জোরপূর্বক প্রবেশ করে সভাপতি ছামিউল আযম মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে গণমাধ্যম কর্মীদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
ফলে হামলাকারীরা নির্বিঘেœ প্রেস ক্লাব কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটাতে সক্ষম হয়। অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জানা যায়, গত সোমবার যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫-৩০জন নেতাকর্মী মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জন নামীয় আসামি করে মামলায় দুইজনকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু কওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।