মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষকে বিজয়ী করুন : তারেক

Printed Edition
first-3
রাজধানীর মিরপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ১২ তারিখ ভোট হবে। এই ভোটে শুধু প্রতিনিধি নির্বাচন করলেই চলবে না। ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গতকাল রাজধানীর কয়েকটি আসনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায় তার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে সব বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদের আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদের কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে উন্নতি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা; ছেলে হোক মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব; সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। এই সব পরিবর্তন যদি করতে হয়, এই সব পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকার অধিবাসীদের কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন।

জনসভায় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা সমস্বরে বলেন ‘ধানের শীষ, ধানের শীষ।’

তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যেসব পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমে আমরা সেটি বাস্তবায়ন করব।

তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে যে, জনগণই হচ্ছে বিএনপির সব ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারব।

ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টনকে ধানের শীষ হাতে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমরা শহীদদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দিতে পারব ১২ তারিখে ধানের শীষকে বিজয় করার মাধ্যমে।

ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান দাঁড়িপাল্লায় প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

গতকাল বিকেলে সাড়ে ৩টায় নিজের আসন ঢাকা-১০ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান।

এ দিন তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য রাখেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান।

তারেক রহমান বলেন, এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব। আমি আপনাদের প্রতিবেশী হিসেবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ভবিষ্যতেও থাকব। আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। আমিনুল হক জিতলে পরে ১৩ তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কি না, এই এলাকার উন্নয়নের কাজ করছে কি না সেটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার।

এরপর তারেক রহমান ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলি, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমকে পৃথক পৃথক সমাবেশে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।