মহাসড়কে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের গুলিতে আহত হয়েছেন গাড়ির চালক ফিরোজ মিয়া (৪০)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের বাসিন্দা প্রবাসী দেলোয়ার হোসেন বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে ১০-১২ জনের একটি ডাকাত দল মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে তাদের গতিরোধ করে। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা চালকের ডান হাতে গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়ালসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে ডাকাতরা পুরোপুরি সফল হতে না পারলেও চালক আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।