খুলনায় মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশের জনগণ এখন শাসনব্যবস্থার পরিবর্তন চায়
Printed Edition
খুলনা ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তীত বাংলাদেশের জনগণ এখন শাসনব্যবস্থার পরিবর্তন এবং চলমান ঘুষ, দুর্নীতি আর দুঃশাসনের অবসান চায়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্থিতিশীলতা চায়। জামায়াতে ইসলামীও ঠিক তেমনি একটি কল্যাণমুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে চায় যেখানে দুর্নীতি আর দুঃশাসন টোটালি বন্ধ হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
বিভিন্ন দলের শাসনব্যবস্থার উদাহরণ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন। কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ কি পেয়েছেন? দুর্নীতি আর দুঃশাসন, গুম, খুন, বিরোধী দল ও মতের উপর নির্যাতন, নিষ্পেষণ দিয়ে ভরপুর ছিল সে শাসন। বারবার শাসক পরিবর্তন হয়েছে; কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাইতো দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান পরিবর্তীত বাংলাদেশে কল্যাণমুখী ও সমৃদ্ধ দেশ গড়ার রূপরেখা ঘোষণা করেছেন। ঘোষিত রূপরেখা হলো সকল ক্ষেত্রে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে, মানুষের মাঝে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের হয় কর্মসংস্থান না হয় বেকার ভাতা দেয়া হবে, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়নে টেকসই ও উন্নত জাতি গঠন করা হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে সকলের সহাবস্থান নিশ্চিত করা হবে, ছাত্র রাজনীতি হবে কল্যাণমুখী, কোনো দলের লেজুড়ভিত্তিক হবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা হবে, সরকারের এমপি, মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনা হবে যাতে তারা রাষ্ট্রের মালিক না ভেবে নিজেদের রাষ্ট্রের সেবক ভাবে।
আব্দুল জলিল জমাদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমির অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, পেশাজীবী বিভাগের সভাপতি মো: নজরুল ইসলাম জমাদ্দার, দামোদর ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রশিবির নেতা অধ্যাপক মো: অহিদুজ্জামান, মো: এনামুল হক সোহেল, আবুল কালাম সরদার, আব্দুল হাকিম সরদার, মো: আলতাফ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জামায়াত নেতা অ্যাডভোকেট ফিরোজ কবিরের অসুস্থ সহধর্মিণী ও দামোদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা খলিলুর রহমানকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান রবের নিকট তাদের আশু সুস্থতার জন্য দোয়া করেন।
সকাল ১০টায় সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার নবাগত ইউএনও সূচী রানী সাহা ও উপজেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে জেলা ও উপজেলা জামায়াত নেতারা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া সংবাদদাতা জানান, বেলা ১১টার দিকে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া বাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। পরে বিএনপি নেতা গাজী আব্দুর রউফের সাথে সাক্ষাৎ এবং অসুস্থ বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিমের চুকনগরের বাসভবনে যান এবং তার চিকিৎসা ও শারীরিক খোঁজখবর নেন। বিকেলে তিনি মাগুরাঘোনা ইউনিয়নের আরসনগরে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন। বাদ মাগরিব ডুমুরিয়া উপজেলা অফিসে হিন্দুধর্মীয় কমিটির সভায় অংশ নেন। এ সময় উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডা: হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলসহ ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।