চট্টগ্রামে মশক নিধনে আগামী সপ্তাহ থেকে ‘ক্রাশ প্রোগ্রাম’

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে ৪১টি ওয়ার্ডজুড়ে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মশক নিধনে আধুনিক হ্যান্ড স্প্রে মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা: শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রিমো হেলথ কেয়ারের পক্ষ থেকে চসিককে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ছিটানোর জন্য ছয়টি অত্যাধুনিক হ্যান্ড স্প্রে মেশিন দেয়া হয়। এসব শক্তিশালী ইঞ্জিনচালিত মেশিনের মাধ্যমে ১২ মিটার দূরত্ব পর্যন্ত কার্যকরভাবে মশার ওষুধ ছিটানো সম্ভব।

মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চসিক এখন পরিবেশবান্ধব আমেরিকান প্রযুক্তি ‘বিটিআই’ (লার্ভিসাইড) ব্যবহার করছে। পরীক্ষামূলক প্রয়োগে এর ইতিবাচক ফল পাওয়া গেছে। আবহাওয়া পরিবর্তনের কারণে মশার বিস্তার রোধে আগামী সপ্তাহ থেকে প্রতিটি ওয়ার্ডে সমন্বিত ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, এই কর্মসূচির আওতায় নিয়মিত ফগিং ও লার্ভিসাইড ছিটানোর পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার এবং আবর্জনা অপসারণ কার্যক্রম আরো জোরদার করা হবে। তবে মশা নিয়ন্ত্রণে কেবল সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে মেয়র নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাড়ির ছাদ, ফুলের টব বা কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি এবং প্রিমো হেলথ কেয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।