বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিএমইউতে সেমিনার

Printed Edition

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর হেপাটোলজি বিভাগ এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ইং তারিখে `Transforming Hepatocellular Carcinoma Care in Bangladesh : From Prevention and Early Detection to Precision and Transplant Oncology'- শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষজ্ঞগণ লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সিস্টেমিক আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও শনাক্তকরণে জনসংখ্যাভিত্তিক জরিপ বা জনসংখ্যাভিত্তিক লিভার ক্যান্সার রেজিস্ট্রির ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক সিস্টেমিক চিকিৎসা, জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠন, সমন্বিত গবেষণা এবং লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বিএমইউর হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: নূরউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। প্যানেল অফ এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন, অধ্যাপক ডা: মোহাম্মদ মাহাবুব হোসেন, অধ্যাপক ডা: মো: মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা: বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা: ফজলুল করিম, অধ্যাপক ডা: বিশ্বজিৎ ভৌমিক, অধ্যাপক ডা: মো: গোলাম আযম, অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল মাহমুদ, ডা: মো: সাইফুল ইসলাম এলিন, ডা: ফজলুল কবির, ডা: মো: খালেকুজ্জামান, ডা: রিচার্ড মালো, ডা: এবিএম শাকিল গনি।

সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এস. কে. এম. নজমুল হাসান এবং উপস্থাপক ছিলেন ডা: তনুশ্রী সাহা মুমু। অনুষ্ঠানে বৈজ্ঞানিক অধিবেশনে ডা: সাইয়েদ আবুল ফয়েজ ‘HCC Surveillance : Are We Missing Early Cancers?’, ডা: আশিকুর আহমেদ ভূঁইয়া ‘Systemic Therapy : A New Era in HCC Treatment’ এবং ডা: মো: সাব্বির হোসাইন ‘National HCC Registry : Collaborative Research & Multidisciplinary Management’- বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।