সিলেটে উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও!
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেট নগরীর উত্তরা ব্যাংক আম্বরখানা শাখায় এক ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে পাঁচ লাখ টাকা উধাও হয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, তিনি কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করেন না, এমনকি ডেবিট কার্ডও নেই। তবুও মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ১০টি পৃথক লেনদেনের মাধ্যমে তার হিসাব থেকে চারটি ব্যাংক হিসাব ও একটি বিকাশ নম্বরে পাঁচ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগী মো: লায়েক আহমদ সিলেট সদর উপজেলার সাদিপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা এবং সোনাতলা বাজার মাদরাসা মার্কেটের একজন ব্যবসায়ী। তার ভুক্তভোগীর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী গত ১০ জুন রাত ৮টা ৬ মিনিট থেকে রাত ১১টা ৬ মিনিটের মধ্যে ১০টি লেনদেনের মাধ্যমে প্রাইম ব্যাংকের দু’টি, ইসলামী ব্যাংকের দু’টি হিসাব এবং একটি বিকাশ নম্বরে মোট পাঁচ লাখ টাকা স্থানান্তর করা হয়।
তিনি জানান, চলতি বছরের ৯ এপ্রিল তিনি উত্তরা ব্যাংকের আম্বরখানা শাখায় সঞ্চয়ী হিসাবে পাঁচ লাখ টাকা জমা রাখেন। পরে ১ জুলাই মোবাইলে সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা কেটে নেয়ার এসএমএস পেয়ে তিনি হিসাবের ব্যালেন্স যাচাই করে দেখেন, তার হিসাবে মাত্র দুই হাজার ৩৫ টাকা অবশিষ্ট রয়েছে। পরদিন ২ জুলাই ব্যাংকে গেলে কর্মকর্তারা তাকে জানান, ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ওই অর্থ স্থানান্তর করা হয়েছে। তবে তিনি এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, তিনি কখনো ব্যাংকের কোনো অ্যাপ ব্যবহার করেননি এবং তার কোনো ডেবিট কার্ডও নেই। তিনি অভিযোগ করেন, বিষয়টি জানিয়ে একাধিকবার ব্যাংক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার অভিযোগ, এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারেন।
ঘটনার পর তিনি সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।