সিলেট বোর্ডের চার শিক্ষককে শোকজ

পদার্থ বিজ্ঞানে ভুল প্রশ্ন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চলমান এইচএসসি পরীক্ষায় সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি বা অসঙ্গতির জন্য চার শিক্ষককে শোকজ করেছে শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সেখানে আরো বলা হয়, সোমবার সকালের পরীক্ষা চলাকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি/অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে। একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসঙ্গতি যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।

প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো: মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ দিকে গতকাল জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসির ফিজিক্স পরীক্ষায় দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেয়া হবে। তিনি আরো জানান, গত সোমবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে একটি মেয়ে বৃষ্টির পানিতে ভিজে গেছে। পরে পোশাক পরিবর্তন করে ওই ছাত্রীর পরীক্ষা এক ঘণ্টা পরে নেয়া হয়েছে।